আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়। ইতোমধ্যে দেশের সকল রিটার্নিং কর্মকর্তার কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে যাতে কোনো ধরনের প্রভাব, বিভ্রান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পেশাজীবী সংগঠনের নির্বাচন ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ দেশের সব সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া পরিচয়ে ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।













