জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপসহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন জকিগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনিরুল ইসলাম রাজন।
গতকাল ভোর ৬টা ০০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গোটা জাতি আজ শোকাভিভূত ও স্তব্ধ হয়ে গেছে।
শোকবার্তায় মুনিরুল ইসলাম রাজন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আধিপত্যবাদ ও স্বৈরাচারবিরোধী সংগ্রামের অনুপ্রেরণার উৎস। গণতন্ত্রের প্রতি তাঁর অবিচল আস্থা, প্রশাসনিক দক্ষতা, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে বিশ্বাস তাঁকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। নারী উন্নয়নের অগ্রপথিক হিসেবেও তিনি জাতির আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছিলেন।
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশপন্থী রাজনীতি, ঐক্য ও সংহতির প্রতীক হয়ে উঠেছিলেন। দেশ ও মানুষের স্বার্থে তিনি অবর্ণনীয় জুলুম-নিপীড়ন সহ্য করেছেন, পরিত্যক্ত কারাগারে নিঃসঙ্গ বন্দিজীবন কাটিয়েছেন, বার্ধক্যেও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী জীবন বেছে নিয়েছেন—তবুও কখনো দেশবাসীকে ত্যাগ করেননি। দলীয় নেত্রী থেকে তিনি পরিণত হয়েছিলেন সকল বাংলাদেশপন্থীদের নেতায়।
মুনিরুল ইসলাম রাজন তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, ১৯৮১ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশি-বিদেশি ষড়যন্ত্রে নিহত হওয়ার পর একজন গৃহবধু হয়েও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক লড়াইয়ে তাঁর নেতৃত্ব ছিল আপসহীনতার উজ্জ্বল দৃষ্টান্ত। যার ফলে তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেন।
তিনি বলেন, উনার মৃত্যুতে জাতীয়তাবাদী পরিবারসহ সমগ্র জাতি আজ গভীর শোকে আচ্ছন্ন। মহান আল্লাহ যেন এই শোক সইবার শক্তি জাতিকে দান করেন এবং ভবিষ্যতে তাঁর আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার তাওফিক দেন।
পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
অসীমের পথে আপনার মহাযাত্রা শুভ হোক দেশমাতা—বাংলাদেশ আপনাকে অনন্তকাল স্মরণ করবে।
















