জনতা টিভি প্রতিবেদক,হাফিজ আহমদ।
হাসনাত ও সাদিক কায়েমকে নিয়ে বিভ্রান্তিকর ফেসবুক পোস্ট, জনমনে ক্ষোভ
হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল খালেদ আজাদের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পোস্টটিতে তিনি ডাকসু ভিপি সাদিক কায়েম ও এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহকে ঘিরে বিভ্রান্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, শহীদ ওসমান হাদীর জানাযার নামাজ শেষে মরদেহ বহনকারী গাড়ি দাফনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কবরস্থানের দিকে নেওয়ার সময় জনতার স্রোতে গাড়িটি এগোতে পারছিল না। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আবেগাপ্লুত জনতাকে সামাল দিতে ডাকসু ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং এনসিপির হাসনাত আব্দুল্লাহ গাড়ির ওপর উঠে উপস্থিত জনতার উদ্দেশে কথা বলেন।
তবে ওই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে প্রিন্সিপাল খালেদ আজাদের ফেসবুক পোস্টে বিভ্রান্তিকর ও কটুক্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন অনেকে। এ ধরনের পোস্টে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
সমালোচকদের দাবি, ওসমান হাদী হামলার শিকার হওয়ার পর থেকে শুরু করে শহীদ হওয়ার আগ পর্যন্ত সময়ে খালেদ আজাদ কোনো প্রতিক্রিয়া না দেখালেও, হঠাৎ করে জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করা উদ্দেশ্যপ্রণোদিত বলেই প্রতীয়মান হচ্ছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহল থেকে নিন্দা জানানো হচ্ছে এবং বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।














