জকিগঞ্জ প্রতিনিধি:
ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের শ্যালক হানিফ উদ্দিন সুমন অবশেষে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন। আদালতের নির্দেশে চার দিনের রিমান্ড শেষে রবিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মোমেন জানান, রিমান্ডের শুরুতে সুমন নানা প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও পরে বিশদ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নুমান উদ্দিনের সঙ্গে সুমনের দীর্ঘদিনের পারিবারিক ও আর্থিক বিরোধ ছিল। প্রবাসে থাকা নুমান পরিবারের জন্য টাকা পাঠালেও সেই টাকার হিসাব নিয়ে শালা-দুলাভাইয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এ থেকেই শত্রুতার সূত্রপাত।তদন্ত কর্মকর্তার ভাষায়, সুমন পরিকল্পিতভাবে কয়েকজন সহযোগীকে নিয়ে নুমান উদ্দিনকে হত্যার ফন্দি আঁটেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একাধিক সহযোগীর নামও পুলিশের কাছে প্রকাশ করেছেন।তবে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দিতে সুমন হত্যার দায় অস্বীকার করে বলেন, “আমি খুন করিনি।” পুলিশের তত্ত্ব অনুযায়ী, আসামি অত্যন্ত কৌশলী ও ধূর্ত প্রকৃতির ব্যক্তি। তদন্ত কর্মকর্তা জানান, আসামিকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ড আবেদন করা হবে।















