জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: ওয়াসিম আকরাম
জকিগঞ্জ উপজেলার হাওর থেকে উদ্ধার হওয়া আগুনে পোড়ানো ও গলায় দড়ি বাঁধা অজ্ঞাত লাশটির পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি বিশেষ টিম। নিহত ব্যক্তি হলেন বুরহান উদ্দিন শফি (৫৯)। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন। নিহত বুরহান উদ্দিন শফি একজন লন্ডনপ্রবাসী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুরহান উদ্দিন শফি গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এরপর থেকে তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে এ ঘটনায় তাঁর স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওরে স্থানীয় কয়েকজন ব্যক্তি একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান। তারা তাৎক্ষণিকভাবে জকিগঞ্জ থানায় খবর দেন। সংবাদ পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়ানোর স্পষ্ট চিহ্ন ছিল এবং গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় লাশটি পড়ে ছিল। এছাড়া মরদেহের পাশে একটি লবণের প্যাকেট পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি বিশেষ টিম ঘটনাস্থলে এসে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরীক্ষা করে। পরে আঙুলের ছাপের ভিত্তিতে লাশটির পরিচয় নিশ্চিত করা হয়। পরবর্তীতে নিহতের স্বজনরাও ঘটনাস্থলে গিয়ে লাশটি বুরহান উদ্দিন শফির বলে শনাক্ত করেন।
স্থানীয়রা ধারণা করছেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তাদের মতে, হত্যার পর পরিচয় গোপন এবং আলামত নষ্ট করার উদ্দেশ্যে মরদেহে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জনতা টিভিকে জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা কোন থানায় দায়ের করা হবে—সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।















