প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী ও সেবাকেন্দ্রিক করার লক্ষ্যে সরকার নতুন করে চারটি থানা এবং দুটি প্রশাসনিক বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার দ্রুত বর্ধনশীল জনসংখ্যার চাপ সামাল দিতে পূর্বাচল এলাকাকে দুটি পৃথক প্রশাসনিক ইউনিটে ভাগ করা হচ্ছে। এর আওতায় ‘পূর্বাচল উত্তর’ ও ‘পূর্বাচল দক্ষিণ’ নামে দুটি নতুন থানা গঠন করা হবে।
এছাড়া কক্সবাজারের অর্থনৈতিক ও শিল্পবাণিজ্যের গুরুত্ব বিবেচনায় ‘মাতারবাড়ী’ নামে একটি নতুন থানা অনুমোদন দেওয়া হয়েছে। অপরদিকে নরসিংদীর রায়পুরা উপজেলার আয়তন বড় হওয়ায় এবং প্রশাসনিক কার্যক্রম আরও সহজ করতে সেখানে নতুন একটি থানা গঠনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের মতে, এসব বিভাগের মাধ্যমে রাজস্ব আহরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আরও বাড়বে।
নিকারের এই সভায় মোট ১১টি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে অর্থ ও আইন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের শীর্ষ ১৪ জন সচিব উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের আশাবাদ, এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা সহজ হবে এবং সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য গতি আসবে।















