জকিগঞ্জ প্রতিনিধি: ওয়াসিম আকরাম
সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ ক্যাম্প এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল আমলশীদ ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১ হাজার ৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আমলশীদ গ্রামের বাসিন্দা আবুল কালাম মিয়ার ছেলে নূরে আলম (২২) কে হাতেনাতে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবককে বিজিবি কর্তৃক থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।















